আল্লাহই আমার জন্য যথেষ্ট

আল্লাহর উপর তাওয়াকুল করা, তার উপর ভরসা রাখা, তার ওয়াদাসমূহের উপর বিশ্বাস রাখা, তার প্রতি সু-ধারণা পোষণ করা, তার ফায়সালা মেনে নেওয়া এবং এই ইয়াকীন করা যে, তিনি সব কিছু সহজ করে দিবেন- এ সবই ঈমানের গুরুত্বপূর্ণ অংশ ও মুমিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। বান্দা যখন শুভ পরিণতির ব্যাপারে দৃঢ় আশাবাদী হয়েযায় এবং নিজের সমস্ত কাজে স্বীয় প্রভুর উপর ভরসা করে, তখন সে আল্লাহর সাহায্য, সহযোগিতা ও তত্ত্বাবধানের হকদার হয়ে যায়। হযরত ইবরাহীম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, “আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি উত্তম কর্মবিধায়াক। অতএব, আল্লাহ তাআলা আগুনকে তার জন্য ফুল বাগান বানিয়ে দিয়েছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামকে যখন বলেছিলেন, “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। [সূরা আলে ইমরান : ১৭৩] এতে ফলাফল কী হয়েছিল? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহসহ ফিরে এল। কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি এবং আল্লাহ যাতে সন্তুষ্ট ও রাজি, তারা তারই অনুসরণ করেছিল। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। [সূরা আলে ইমরান : ১৭৪] মানুষ একা দুর্যোগ-দুর্বিপাকের সঙ্গে লড়াই করতে পারে না; একাকী বালা-মসিবতের সামনে দাড়াতে পারে না। কারণ, তাকে সৃষ্টিই করা হয়েছে দুর্বল অসহায় করে। হা যদি সে তার রবের উপর তাওয়াকুল করে, নিজের বিষয়-আশয় তার হাতে সোপর্দ করে দেয়, তা হলে সবকিছুই করতে পারে। ‘আর তোমরা আল্লাহর উপরই ভরসা কর; যদি তোমরা মুমিন হও । [সূরা মায়িদা : ২৩] যারা নিজের মঙ্গল চায়, তাদের উচিত আল্লাহর উপর ভরসা করা; যিনি মহা ক্ষমতাধর ও অমুখাপেক্ষী; যিনি পরাক্রান্ত ও প্রতাপশালী। তিনিই তাদেরকে সংকট থেকে রেহাই দিতে পারেন। বিপদ থেকে রক্ষা করতে পারেন। অতএব, حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। [সূরা আলে ইমরান : ১৭৩] কে রক্ষাকবচ হিসেবে গ্রহণ করুন। যদি আপনার সম্পদ কমে যায়, ঋণ বেড়ে যায়, আমদানি হাস পায়, তা হলে বলুন- حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ যখন আপনি শত্রুর ভয় করবেন, কোন জালিমের ভয়ে ভীত হবেন, কোন আকস্মিক ঘটনায় ঘাবড়ে যাবেন, তখন বলুন, حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ। আরও বলুন, كَفَىٰ بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا তোমার জন্য তোমার প্রতিপালকই পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট। [সূরা ফুরকান : ৩১]

লেখক : শেইখ ড. আয়িদ আল ক্বরনীর
বই : লা তাহযান বা হতাশ হবেন না
পাঠ নং : ২৪-আল্লাহই আমার জন্য যথেষ্ট
প্রকাশন : হুদহুদ
( চলবে ইনসাআল্লাহ )

No comments:

Post a Comment