প্রতিদান একমাত্র আল্লাহ তাআলাই দান করেন

যদি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কোনো কিছু নিয়ে নেন, তা হলে তার চেয়েও উত্তম কিছু দিয়ে তার প্রতিদান দিবেন। যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং সাওয়াবের আশা রাখেন। পবিত্র হাদীসে কুদসীতে তিনি ইরশাদ করেছেন। ‘আমি যার প্রিয় দু’টি বস্তু অর্থাৎ দু’ চোখ ছিনিয়ে নিই এবং সে ধৈর্য ধারণ করে, তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। ‘এ দুনিয়া থেকে আমি যার কোনো বন্ধুকে নিয়ে নিই আর সে ধৈর্য ধারণ করে এবং সাওয়াবের আশা রাখে, আমি তাকে এর বিনিময়ে জান্নাত দান করব।” যে সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। ঘরের নাম হবে বাইতুল হামদ তথা প্রশংসা-গৃহ। এভাবে প্রতিটি বিষয়ই আপনি ভাবুন। সুতরাং, বিপদ-আপদে ঘাবড়াবেন না। আফসোস করবেন না। যিনি আপনাকে বিপদ দিয়েছেন, তার কাছে জান্নাত আছে। সাওয়াব আছে। মহা নেয়ামত আছে। আল্লাহর যেসকল নেককার বান্দা মসিবতে পতিত হবে এবং সাওয়াবের আশায় ধৈর্যধারণ করবে, জান্নাতে তাদেরকে বলা হবে, ‘তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের ধৈর্য ধারণের বিনিময়ে । তোমাদের এ পরিণাম-গৃহ কতই না চমৎকার। [সূরা রা'দ : ২৪] আমাদের উচিত বিপদ-আপদে ধৈর্য ধারণ করে প্রতিদান ও উত্তম ফলাফলের জন্য অপেক্ষা করা । ‘তারাই হল সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েতপ্রাপ্ত। [সূরা বাকারা : ১৫৭] বিপদগ্রস্ত ও সংকটাপন্নদের জন্য সুসংবাদ। এ পার্থিব জীবন খুবই নগন্য। এর ধন-দৌলত অত্যন্ত তুচ্ছ। পক্ষান্তরে আখেরাত স্থায়ী ও উৎকৃষ্ট। তার নেয়ামত অফুরন্ত। যে এখানে বিপদগ্রস্ত হবে, সেখানে তাকে প্রতিদান দেওয়া হবে। যে এখানে ক্লান্তি ভোগ করবে, সেখানে সে আরাম-আয়েশে থাকবে। অতএব, হে বিপদগ্রস্ত! তোমার যা-ই হারিয়েছে, তুমি লাভেই আছ। অপরদিকে যারা এ পার্থিব জগতের সঙ্গেই আষ্টেপৃষ্ঠে লেগে আছে, যারা এ পার্থিব জগতের প্রতি আসক্ত, তাদের কাছে এর আরাম-আয়েশ হাতছাড়া হয়ে যাওয়া খুবই কষ্টকর। কারণ, তারা কেবল এ দুনিয়াই কামনা করে। ফলে বিপদ-আপদ, বালা-মসিবত তাদের কাছে খুব বড় হয়ে দেখা দেয়। সামান্য বিপদ-আপদেই তারা বিচলিত হয়ে পড়ে। ‘অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা থাকবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব।’ [সূরা হাদীদ : ১৩] আল্লাহর কাছে যা আছে, তা উত্তম, উৎকৃষ্ট ও সুন্দর।

লেখক : শেইখ ড. আয়িদ আল ক্বরনীর
বই : লা তাহযান বা হতাশ হবেন না
পাঠ নং : ২০-প্রতিদান একমাত্র আল্লাহ তাআলাই দান করেন
প্রকাশন : হুদহুদ
( চলবে ইনসাআল্লাহ )

No comments:

Post a Comment